ভোলায় বাসকে ওভারটেক করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল ১৬ বছরের তামিমের; আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে বন্ধু

মোঃ রাফসান জানি, ভোলা: ভোলায় বাসকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষে তামিম (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অমিত পঞ্চায়েত (১৬) নামে তার আরেক বন্ধু গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ভোলা সদর উপজেলার বাংলাবাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই বন্ধু তামিম ও অমিত নিজেদের ব্যক্তিগত কাজে একটি মোটরসাইকেলে করে যাচ্ছিল। এ সময় বাংলাবাজারের দক্ষিণ পাশে পৌঁছে সামনে থাকা একটি বাসকে ওভারটেক করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। একপর্যায়ে মোটরসাইকেলটির সঙ্গে বাসের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হয় দুই বন্ধু। মোটরসাইকেলটি চালাচ্ছিল অমিত পঞ্চায়েত এবং পেছনে বসা ছিল তামিম।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তামিমকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত অমিত পঞ্চায়েতকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত তামিম ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মোতাহার হাওলাদারের ছেলে। আহত অমিত পঞ্চায়েত একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আরশ আলীর ছেলে।
একই এলাকার দুই বন্ধুর এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কিশোর তামিমের অকাল মৃত্যুতে স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
