ভোলা জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা, আনন্দ মিছিলে নেতাকর্মীদের ঢল

মোঃ সোহেল রানা/ মোঃ হাসনাইন আহম্মেদ :: ভোলা জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় জেলা যুবদলের উদ্যোগে শহরের মহাজনপট্টিতে অবস্থিত যুবদল কার্যালয় থেকে মিছিলটি বের হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। এ সময় জেলা বিএনপির  যুগ্ম আহ্বায়ক এনামুল হক, সদস্য ইয়ারুল আলম লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবগঠিত জেলা যুবদলের কমিটির সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার ও যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম উজ্জ্বলসহ কমিটির অন্যান্য নেতারা মিছিলে নেতৃত্ব দেন।

এ ছাড়া সদর উপজেলা যুবদলের সভাপতি আব্দুল লতিফ টিটু, সদস্য সচিব বেলাল হোসেনসহ সদর উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ভোলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকেও নেতাকর্মীরা আনন্দ মিছিলে যোগ দেন।

মিছিল থেকে নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতাকর্মীরা। একই সঙ্গে নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমতিক্রমে ফখরুল ইসলাম ফেরদৌসকে সভাপতি এবং মোহাম্মদ মনির হোসেনকে সাধারণ সম্পাদক করে ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।