ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ফের বিক্ষোভ

গাজীপুরের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ফের বিক্ষোভ শুরু করেছেন পোশাক শ্রমিকরা।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা জড়ো হয়ে মহাসড়ক বন্ধ করে আন্দোলন শুরু করেন। এতে মহাসড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিতে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গাজীপুরের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিক কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান করেন। সকাল ৯টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরি হয়। দুর্ভোগে পড়েন হাজারো যাত্রীসহ সাধারণ মানুষ।
এদিকে পরিস্থিতি বিবেচনায় শ্রমিক অসন্তোষের কারণে মহনগরীর ১০টি তৈরি পোশাক কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। শ্রমিক আন্দোলনের কারণে আজকে সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং গতকালের তথ্য অনুযায়ী ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
