প্রকৃতির অপার সৌন্দর্য, তবু পিছিয়ে ভোলার পর্যটন!

নীল জলরাশি, সবুজ ম্যানগ্রোভ বন, লাল কাঁকড়ার বিচরণ আর অতিথি পাখির কলকাকলি। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্যে ঘেরা দ্বীপজেলা ভোলার চর কুকরি-মুকরি, ঢালচর ও তারুয়া সমুদ্রসৈকত। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়ত বাড়ছে পর্যটকদের আনাগোনা। তবে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় অবকাঠামো ও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে এগোচ্ছে না পর্যটনশিল্প। সরকারি উদ্যোগের পাশাপাশি পর্যটন বিকাশে কাজ করছে বেসরকারি প্রতিষ্ঠান ভোলা ট্যুরিজম অ্যাসোসিয়েশন।

সাগরের নীল জলরাশির বুকে সবুজের অপার বিস্ময়। বিস্তীর্ণ বালুচরে লাল কাঁকড়ার অবাধ বিচরণ। কোথাও সাদা বকের সারি, কোথাও অতিথি পাখির জলকেলি। ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলছে মাছ ধরার নৌকা।

সাগরপাড় ঘেঁষে সারি সারি বিশাল গাছ। ঢালচর, চর কুকরি-মুকরি ও তারুয়া সৈকতের যেদিকেই চোখ যায়, দিগন্তজোড়া জলরাশি আর প্রকৃতির মায়াবী সৌন্দর্য।

ভোলার সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের কোলঘেঁষে থাকা এসব জনপদে পর্যটনের রয়েছে অপার সম্ভাবনা। ট্রলার কিংবা স্পিডবোটে এসব এলাকায় যাওয়ার পথেও দেখা মেলে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের।

প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। তাদের কাছে সমুদ্রের গর্জন, পাখির কলকাকলি আর নির্জন পরিবেশ এক অন্যরকম অভিজ্ঞতা।

পর্যটকরা জানান, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। সমুদ্রের গর্জন ও পাখির কলতান মিলে তৈরি করে অন্যরকম পরিবেশ। বারবার এখানে আসতে ইচ্ছে করে।

তবে প্রকৃতির এমন সৌন্দর্য উপভোগ করতে এসে নানা ভোগান্তিতেও পড়ছেন পর্যটকরা। যাতায়াতের ক্ষেত্রে ট্রলার ও স্পিডবোটের ওপর নির্ভর করতে হয়। পাশাপাশি রয়েছে পর্যাপ্ত আবাসন, মানসম্মত খাবার, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত শৌচাগার ও জরুরি চিকিৎসাসেবার ঘাটতি।

পর্যটকদের মতে, উন্নত যোগাযোগব্যবস্থা ও ভালো আবাসন সুবিধা নিশ্চিত করা গেলে এখানে পর্যটকের সংখ্যা আরও বাড়বে।

পর্যটনশিল্পের সম্ভাবনা কাজে লাগাতে প্রচার-প্রচারণা, আবাসন সুবিধা ও পর্যটকসেবার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে ভোলা ট্যুরিজম অ্যাসোসিয়েশন।

অন্যদিকে, চর কুকরি-মুকরি, ঢালচর ও তারুয়াকে ঘিরে পর্যটন অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থা সহজ করা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের কথাও জানিয়েছে জেলা প্রশাসন।

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন,‘সরকারি উদ্যোগে পর্যটকদের জন্য দুটি রিসোর্ট তৈরি করার উদ্যোগ নিতে আমরা পত্র পেয়েছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারকে বলা হয়েছে এবং তারা কাজ করছে। আমরা জমি নির্ধারণ করার চেষ্টা করছি।’প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা চর কুকরি-মুকরি, ঢালচর ও তারুয়া হতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য। তবে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন পরিকল্পিত অবকাঠামো, নিরাপদ যোগাযোগ, পর্যাপ্ত আবাসন ও পর্যটকবান্ধব পরিবেশ। সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগই পারে ভোলার পর্যটনশিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।