৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে হতে পারে এই ঝড়।
সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় এ তথ্য।
এতে বলা হয়— খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
