সর্বশেষঃ

আমদানির গন্তব্য খরচ পরিশোধে নতুন নিয়ম

পণ্য আমদানিকারকের গন্তব্যে পৌঁছানোর (ডি-ক্যাটাগরি ইনকোটার্মস) চুক্তির আওতায় নির্ধারিত মাশুল বা চার্জ পরিশোধে নতুন নিয়ম করেছে বাংলাদেশ ব্যাংক।

এখন থেকে এসব মাশুল ব্যাংক চ্যানেলের বাইরে পরিশোধ করা যাবে না। বিদেশি সরবরাহকারী আমদানির পুরো মূল্য নিয়ে নিলেও গন্তব্য-সংশ্লিষ্ট খরচের অর্থ এক মাসের মধ্যে দেশে ফেরত আনতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় এজেন্ট বা সেবাদানকারী প্রতিষ্ঠান খরচ করার আগে অর্থ দেশে আনার বাধ্যবাধকতাও থাকবে।

বাংলাদেশ ব্যাংক আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

ডি-ক্যাটাগরি ইনকোটার্মস আন্তর্জাতিক বাণিজ্যের এমন তিনটি শর্তাবলি, যেখানে বিক্রেতা পণ্যটি ক্রেতার দেশের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া পর্যন্ত খরচ বহন করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএপি (ডেলিভার্ড অ্যাট প্লেস), ডিপিইউ (ডেলিভার্ড অ্যাট প্লেস আনলোডেড) ও ডিডিপি (ডেলিভার্ড ডিউটি পেইড) শর্তে আমদানির ক্ষেত্রে পণ্যের নির্ধারিত গন্তব্য পর্যন্ত বিদেশি সরবরাহকারীর বহনযোগ্য খরচ আমদানি মূল্যের অন্তর্ভুক্ত থাকবে।

নির্দেশনা অনুযায়ী, এসব শর্তে আমদানির আগে ক্রয়-বিক্রয় চুক্তিতে এফওবি মূল্য, পরিবহন ব্যয়, বিমা এবং গন্তব্য-সংশ্লিষ্ট অন্যান্য মাশুল আলাদাভাবে উল্লেখ করতে হবে। আমদানি মূল্যের মধ্যে গন্তব্য মাশুল অন্তর্ভুক্ত থাকলে বিদেশি সরবরাহকারীকে অর্থ পাঠানোর সময় তা বাদ দেওয়া যাবে। বাদ দেওয়া অর্থ বাংলাদেশে সরবরাহকারীর মনোনীত এজেন্ট বা সেবাদানকারী প্রতিষ্ঠানের হিসাবে জমা দেওয়া যাবে।

তবে এ জন্য বিদেশি সরবরাহকারীর অনুমোদন, যথাযথ প্রমাণপত্র এবং সংশ্লিষ্ট আমদানি লেনদেনের সঙ্গে অর্থ পরিশোধের যোগসূত্র থাকতে হবে। কোনো সুবিধাভোগীর হিসাব আমদানির অর্থ পরিশোধকারী ব্যাংকে না থাকলে বিডি-আরটিজিএসের মাধ্যমে অন্য ব্যাংকে অর্থ স্থানান্তর করা যাবে।

অন্যদিকে, বিদেশি সরবরাহকারী আমদানির পুরো মূল্য গ্রহণ করতে চাইলে গন্তব্য-সংশ্লিষ্ট খরচের সমপরিমাণ অর্থ পরবর্তী সময়ে বাংলাদেশে পাঠাতে হবে।

এ অর্থ স্থানীয় এজেন্ট বা সেবাদানকারী প্রতিষ্ঠান খরচ করার আগে অথবা আমদানি মূল্য পরিশোধের তারিখ থেকে এক মাসের মধ্যে দেশে আনতে হবে। যে সময়সীমা আগে শেষ হবে, সেটিই কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংক এডি ব্যাংকগুলোকে নির্ধারিত সময়ে অর্থ প্রত্যাবাসন নিশ্চিত করতে আমদানিকারক ও বিদেশি সরবরাহকারীর সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং তদারকির নির্দেশ দিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সব নথিপত্র সংরক্ষণ এবং প্রতিটি অর্থ পরিশোধের সঙ্গে আমদানি লেনদেনের যোগসূত্র নিশ্চিত করতে বলা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।