সর্বশেষঃ

বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তের শূন্যরেখায় ৮ জন আটক

(বাসস): দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ-ভারত-মিয়ানমার ত্রিদেশীয় সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকা থেকে ছয় বাংলাদেশি নাগরিক ও তাদের সঙ্গে থাকা স্থানীয় দুই পথপ্রদর্শককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে স্থানীয় দুইজন ম্রো সম্প্রদায়ের সদস্য।

গতকাল রোববার রাত ১১টার দিকে ত্রিদেশীয় সীমান্তের ২৩/৩৪ নম্বর পিলার সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)।

আটক ছয় বাংলাদেশি হলেন—ঝিনাইদহের মো. আব্দুল আহাদ (২২), বরগুনার মো. হাসান সিহাব (২৮), ঢাকার মো. নাহিদ হাসান আশিক (৩৩), এস ইসলাম সোহেল (৩৮), ভোলার মো. হোসেন শরিফ (২৯) এবং চট্টগ্রামের মো. মিনহাজুর রহমান সানি (২৬)।

এ ছাড়া স্থানীয় দুই পথপ্রদর্শক হলেন লংওয়াং মুরং (২৫) ও তনয় মুরং (৩০)। তারা দুজনই ম্রো সম্প্রদায়ের সদস্য।

আজ সোমবার বিকেল ৩টায় রুমা-৯ ব্যাটালিয়নের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার।

সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, গত ৫ নভেম্বর দেশের বিভিন্ন জেলা থেকে আসা ছয় বাংলাদেশি ও স্থানীয় দুই পথপ্রদর্শক থানচি হয়ে ত্রিদেশীয় সীমান্ত এলাকায় যান। পরে তারা সীমান্ত অতিক্রম করে ত্রিমুখী সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন।

তাদের সন্দেহজনক গতিবিধি নজরে আসার পর বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে রাতে ২৩/৩৪ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তর থেকে আটজনকে আটক করেন। পরে তাদের রুমা বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।

এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে দুর্গম পাহাড়ে অবস্থান ও রাত্রিযাপনের উপযোগী খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জাম, ছুরি, দা, চাপাতি, তাবুসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার বলেন, আটক ব্যক্তিরা বেশ কয়েক দিন ধরে সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ছয় বাংলাদেশি ও স্থানীয় দুই পথপ্রদর্শককে আটক করা হয়েছে।

তারা কী কারণে সীমান্তবর্তী দুর্গম এলাকায় অবস্থান করছিলেন কিংবা কোনো সশস্ত্র সংগঠনের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা পুলিশের তদন্তে বিস্তারিত জানা যাবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে রুমা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন নুর মো. নাহিয়ান ইসলাম, কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী এবং অনারারি সহকারী পরিচালক শ্রী সরোজ কুমার সাহাসহ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।