ভোলায় জামিয়া মোহাম্মদিয়ার মহাসম্মেলনে সম্মাননা পাগড়ি পেলেন সাবেক ৯০০ শিক্ষার্থী

ভোলার দৌলতখানে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মোহাম্মদিয়া দারুস সুন্নাহ চরপাতা বড় মাদরাসার ৭০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে দস্তারবন্দী মহাসম্মেলন। এ আয়োজনে মাদরাসাটির প্রায় ৯০০ জন সাবেক শিক্ষার্থীকে সম্মাননা হিসেবে পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) উপজেলার কাজিরহাটের চৌধুরী মিয়ার হাটসংলগ্ন মাদরাসা প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠান চলে রাত পর্যন্ত। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিশিষ্ট আলেম-ওলামা, সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
আয়োজক সূত্রে জানা যায়, মাদরাসাটির আলেম, ফাজেল, আবনা ও হাফেজ বিভাগের সাবেক শিক্ষার্থীদের তিনটি পর্বে পাগড়ি প্রদান করা হয়। দীর্ঘদিন আগে শিক্ষা সমাপ্ত করা শিক্ষার্থীরা প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে এমন সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁদের অনেকের কাছে এটি ছিল পুরোনো স্মৃতি ও শিক্ষকদের সঙ্গে পুনরায় মিলিত হওয়ার বিশেষ উপলক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক আল্লামা খলীল আহমদ কুরাইশী কাসেমী। বিশেষ অতিথি ছিলেন সিলেটের শায়েস্তাগঞ্জের মাদরাসায়ে নূরে মদিনার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা শায়েখ হাসান জামিল।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকার জামিয়া তালিমিয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা হাফিজুর রহমান (কুয়াকাটা), যাত্রাবাড়ীর জামিয়া মাহমুদিয়া মাদরাসার মুফতি ও মুহাদ্দিস রেজাউল করিম আবরার এবং বসুন্ধরা এ কে ব্লক মাদরাসার ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসাটির মহাপরিচালক মাওলানা মো. ওমর ফারুক।
আলোচনায় বক্তারা বলেন, একটি আদর্শ সমাজ গঠনে দ্বীনি শিক্ষার প্রসার ও কোরআন-সুন্নাহর অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে সীমাবদ্ধ না রেখে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে তার প্রতিফলন ঘটাতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে ইসলামী মূল্যবোধে গড়ে তোলা এবং দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখার ওপর গুরুত্ব দেন তাঁরা।
সম্মাননা পাগড়ি পাওয়া সাবেক শিক্ষার্থীরা বলেন, অনেক বছর আগে মাদরাসার পড়াশোনা শেষ করলেও শিক্ষকদের আমন্ত্রণে আবারও প্রিয় প্রতিষ্ঠানে আসার সুযোগ হয়েছে। এখানে পাগড়ি গ্রহণ তাঁদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এ স্মৃতি তাঁদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে অর্জিত ধর্মীয় শিক্ষা মানুষের কল্যাণে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
এদিকে সম্মেলনে আগত মুসল্লিদের সুবিধা ও নিরাপত্তায় মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। সার্বিক শৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক ক্যাম্প, জরুরি চিকিৎসাসেবায় মেডিকেল ক্যাম্প এবং অজু, ইস্তিঞ্জা ও নামাজের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হয়।
