সর্বশেষঃ

৫৬ বছরেও কাটেনি ৭০-এর ঘূর্ণিঝড়ের আতঙ্ক, রাষ্ট্রীয় স্বীকৃতি ও নিরাপদ উপকূল চান ভোলাবাসী

সোহেল রানা/হাসনাইন আহমেদ ॥
গাছের ডালে ডালে আটকে ছিল মানুষের মরদেহ। চারদিকে লাশ, ধ্বংসস্তূপ আর স্বজন হারানো মানুষের আহাজারি। কোথাও সন্তানহারা মায়ের কান্না, কোথাও স্বামী-সন্তান হারিয়ে দিশেহারা মানুষ। ১৯৭০ সালের ১২ নভেম্বরের সেই ভয়াল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মুহূর্তেই মৃত্যুপুরীতে পরিণত করেছিল দ্বীপজেলা ভোলাসহ উপকূলীয় বিস্তীর্ণ জনপদকে। সেই বিভীষিকাময় দিনের ৫৬ বছর পেরিয়ে গেলেও স্মৃতি ভুলতে পারেননি প্রত্যক্ষদর্শীরা।
১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ংকরী ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানে। প্রবল বাতাস ও জলোচ্ছ্বাসে ভেসে যায় ঘরবাড়ি, গবাদিপশু, ফসল ও মানুষের স্বপ্ন। প্রাণ হারান অসংখ্য মানুষ। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের হিসাবে, এ ঘূর্ণিঝড়ে বাংলাদেশে প্রায় ৩ থেকে ৫ লাখ মানুষের মৃত্যু হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভোলাসহ উপকূলীয় দ্বীপাঞ্চল। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্যেও এটি ইতিহাসের অন্যতম প্রাণঘাতী ঘূর্ণিঝড় হিসেবে স্বীকৃত।
ভয়াবহ সেই দুর্যোগের প্রত্যক্ষদর্শী ভোলার প্রবীণ গণমাধ্যমকর্মী সাংবাদিক আবু তাহের। সে সময় তিনি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশন করেছেন। দুর্যোগের পর স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে নিহতদের দাফনসহ বিভিন্ন মানবিক কার্যক্রমেও অংশ নেন। তাঁর স্মৃতিচারণে উঠে আসে গাছের ডালে আটকে থাকা মরদেহ, চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লাশ এবং মানুষের অসহায়ত্বের ভয়াবহ চিত্র। ৫৬ বছর পেরিয়ে গেলেও সেই দৃশ্য আজও তাঁর স্মৃতিতে অমলিন।
একইভাবে ১৯৭০ সালের ভয়াল ঘূর্ণিঝড়ের স্মৃতিচারণ করেছেন ভোলার প্রবীণ সাংবাদিক ও সংগঠক মো. মোবাশ্বির উল্লাহ চৌধুরী। কাছ থেকে দেখা সেই দুর্যোগের ভয়াবহতা এবং পরবর্তী পরিস্থিতির বর্ণনায় উঠে এসেছে উপকূলবাসীর সীমাহীন দুর্ভোগ ও মানবিক বিপর্যয়ের চিত্র।
তবে শুধু অতীতের স্মৃতিচারণ নয়, নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা নিয়েও। ভোলা জেলা প্রেসক্লাবের সভাপতি নজরুল হক অনু বলেন, এত বছর পেরিয়ে গেলেও বড় ধরনের ঘূর্ণিঝড় আঘাত হানলে তা মোকাবিলায় দ্বীপজেলা ভোলার মানুষ কতটা প্রস্তুত, সে প্রশ্ন রয়েছে। উপকূলের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করেন তিনি।
এদিকে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস ঘোষণার দাবিতে দীর্ঘদিন ধরে কাজ করছে বদ্বীপ ফোরাম। সংগঠনটির আহ্বায়ক মীর মোশাররফ অমি বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে দিনটিকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস ঘোষণার দাবিতে কাজ করছেন। কিন্তু এখনো সরকারি পর্যায় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। উপকূলের মানুষের আত্মত্যাগ ও ভয়াবহ সেই ইতিহাসকে জাতীয়ভাবে স্মরণ করতে দিনটির রাষ্ট্রীয় স্বীকৃতি প্রয়োজন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ভোলা সদর উপজেলা কমিটির সভাপতি মো. ইব্রাহিম বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াবহ ঘূর্ণিঝড়ের ইতিহাস ও নির্মমতা সম্পর্কে নতুন প্রজন্ম, বিশেষ করে তরুণদের অবগত করতে তাঁরা কাজ করছেন। একই সঙ্গে দিনটিকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে ঘোষণা করার দাবি সরকারের কাছে জানিয়ে আসছেন। উপকূলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি জোরদার এবং ভয়াবহ সেই দিনের ইতিহাস জাতীয়ভাবে সংরক্ষণের দাবি জানান তিনি।
স্থানীয় আরও কয়েকজন প্রবীণ ব্যক্তি তাঁদের স্মৃতিচারণে তুলে ধরেন সেই দিনের ভয়াবহতা। তাঁদের বর্ণনায় উঠে আসে স্বজন হারানোর বেদনা, ধ্বংসযজ্ঞ এবং দুর্যোগ-পরবর্তী অসহায় মানুষের জীবন সংগ্রামের কথা।
১৯৭০ সালের সেই ঘূর্ণিঝড়ের পর উপকূলীয় দুর্যোগ মোকাবিলায় দেশে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। গড়ে উঠেছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি, নির্মিত হয়েছে আশ্রয়কেন্দ্র এবং উন্নত হয়েছে আগাম সতর্কবার্তা প্রচারব্যবস্থা। তবে ভোলার মতো দ্বীপজেলার দুর্গম চরাঞ্চল, বিচ্ছিন্ন জনপদ ও নদীবেষ্টিত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
৫৬ বছর পরও ভোলাবাসীর কাছে ১২ নভেম্বর শুধু একটি তারিখ নয়, এটি স্বজন হারানোর বেদনা, ভয়াবহ স্মৃতি আর নতুন করে বেঁচে থাকার প্রত্যয়ের দিন। তাঁদের দাবি, শুধু স্মরণসভা বা আলোচনা নয়, উপকূলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস ঘোষণা করে জাতীয় পর্যায়ে দিনটির গুরুত্ব তুলে ধরতে হবে। ভোলাবাসীর প্রত্যাশা, ১৯৭০ সালের সেই ভয়াল ইতিহাস থেকে শিক্ষা নিয়ে গড়ে উঠবে নিরাপদ উপকূল। আর কোনো পরিবারকে যেন এমন ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে না হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।