সর্বশেষঃ

সার্চ কমিটির বৈঠকের আগে সজীব সারিয়ারের পক্ষে নারী সমর্থকদের ঢল, দিলেন দোয়া ও সমর্থন।

মোঃ আনসুর রহমন ,দক্ষিণ আইচা প্রতিনিধি || ভোলার চরফ্যাশন উপজেলার ১৫ নং নজরুলনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সজীব সারিয়ারের সমর্থনে শত শত নারী সমর্থকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নজরুলনগর সেন্টার বাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জড়ো হয়ে তাঁরা সজীব সারিয়ারের প্রতি সমর্থন জানান এবং তাঁর জন্য দোয়া করেন।

‎

‎স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে দক্ষিণ আইচা থানা এলাকার বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় হোটেল মারুফে সার্চ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় যোগ দিতে যাওয়ার আগমুহূর্তে নারী সমর্থকেরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপস্থিত হয়ে তাঁর প্রতি সমর্থন ও দোয়া জানান।

‎

‎স্থানীয় সূত্রে জানা গেছে,আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হন। ৫ আগস্টের পর তৎকালীন চেয়ারম্যান দায়িত্বে অনুপস্থিত থাকায় প্যানেল চেয়ারম্যান হিসেবে তাঁকে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এরপর দুই বছরের বেশি সময় ধরে তিনি এ দায়িত্ব পালন করছেন।

‎

‎স্থানীয়দের ভাষ্য, দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং জনসেবামূলক উদ্যোগের মাধ্যমে তিনি এলাকায় নিজের অবস্থান তৈরি করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।

‎

‎নিজের রাজনৈতিক পথচলা ও মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরে সজীব সারিয়ার বলেন, “আমার মা দীর্ঘদিন ধরে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি ইউপি সদস্য হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করছেন। ছোটবেলা থেকেই মায়ের হাত ধরে মানুষের সুখ-দুঃখে পাশে ঘুরেছি। মানুষের জীবনযাত্রা ও সমস্যা কাছ থেকে দেখেই বড় হয়েছি। কলেজজীবন থেকে শুরু করে উপজেলা পর্যায়ের ছাত্রদলের রাজনীতিতেও নেতৃত্ব দিয়েছি।

‎

‎তিনি আরও বলেন, “রাজনৈতিক প্রতিকূলতা ও দুঃসময়ের মধ্যেও মানুষের ভালোবাসায় অল্প বয়সে বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। বর্তমানে দুই বছরের বেশি সময় ধরে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে মানুষের প্রতি দায়িত্ববোধ শিখেছি। মানুষের সুখে-দুঃখে পাশে থাকার যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা আমাকে জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে অনুপ্রাণিত করেছে।

‎

‎রাজনৈতিক জীবনের ত্যাগ ও দলীয় সমর্থন প্রত্যাশার বিষয়ে সজীব সারিয়ার বলেন,রাজনীতি করতে গিয়ে কয়েকবার মার খেয়েছি, একাধিক মামলার আসামি হয়েছি, জেলও খেটেছি। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সত্যের সঙ্গে রাজনীতি করে এসেছি। রাজনীতির পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার। রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি মাঠপর্যায়ে জনপ্রতিনিধির দায়িত্ব পালনের বাস্তব অভিজ্ঞতাও আমার রয়েছে।

‎

‎দলীয় মনোনয়ন ও সমর্থন প্রত্যাশা করে তিনি আরও বলেন,দল আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং মাঠপর্যায়ে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে আমাকে পূর্ণ সমর্থন দেবে বলে আমি আশাবাদী। রাজনীতির পাশাপাশি জনগণের সঙ্গে কাজ করার যে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি, তা দলীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচিত হবে বলে আমার প্রত্যাশা।

‎

‎নারী সমর্থকদের উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আপনারা সরেজমিনে দেখেছেন, এলাকার মানুষ আমাকে কতটা ভালোবাসেন। এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি কখনো নিজেকে তাঁদের থেকে আলাদা বা জনপ্রতিনিধি হিসেবে দূরে সরিয়ে রাখিনি। আমি তাঁদের সন্তান, তাঁদের ভাই। তাঁরা আমাকে সেভাবেই দেখেন, আমিও তাঁদের শ্রদ্ধা ও সম্মান করি। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের ভালোবাসা নিয়ে তাঁদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।

‎

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।