সর্বশেষঃ

ভোলায় পাঁচটিরও বেশি চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিনে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত ও কথিত ডাকাত সর্দার মো. সোহেল রানাকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। বুধবার (১১ নভেম্বর) রাতে জেলার দুলারহাট থানার দুলারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৮ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সোহেল রানা দুলারহাট থানার ফরিদাবাদ এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে পাঁচটির বেশি ডাকাতির মামলায় অভিযুক্ত থাকার তথ্য রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল গামছা ও কাপড়ে মুখ ঢেকে দেশীয় অস্ত্র ও পাইপ গান নিয়ে বোরহানউদ্দিনের এক ব্যক্তির বসতঘরে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যদের মারধর করে জখম ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ১১ লাখ ২৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী সৈয়দ আরাফাত হোসেন চৌধুরী বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় মামলা করেন।

এসআরবি-৮ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৮, বরিশালের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তার।

সূত্র: এসআরবি-৮, বরিশাল।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।