সর্বশেষঃ

সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে: তথ্য প্রতিমন্ত্রী

সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তাই কোনো মিডিয়াকে নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের ইচ্ছা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সাথে বৈঠকে একথা বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিজেসি যেসব দাবি জানিয়েছে, তা আলাপ আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

বিজেসির চেয়ারম্যান ও যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ বলেন, বেতন-ভাতার বিষয়ে পোশাকশ্রমিকরা দাবি দাওয়া তুলে ধরলেও সাংবাদিকরা নিজেদের দাবি তুলে ধরতে পারেন না। রাস্তায় নামতে পারেন না।

তিনি আরও বলেন, টেলিভিশনে সাংবাদিকদের বেতন-ভাতা কম। এটি পুরোপুরি বিজ্ঞাপন নির্ভর একটি মাধ্যম। এজন্য গ্রাহক পর্যায়ে যে টাকা কেবল অপারেটররা পান, ডিজিটাল হওয়ার আগে সেই টাকার একটি অংশ টেলিভিশনকে দেয়ার জন্য সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান বিজেসি চেয়ারম্যান।

এ সময় গণমাধ্যম কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপর জোর দেন ফাহিম আহমেদ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।