সর্বশেষঃ

বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু, মন্ত্রীকে সরানো হলো ভিন্ন পথে

রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে গ্রেনেডসদৃশ দুটি বস্তু পাওয়া গেছে। এ ঘটনায় বিমানবন্দরে অবস্থান করা জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিরাপত্তার স্বার্থে মূল ফটকের পরিবর্তে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে একটি ফ্লাইটে রাজশাহীতে পৌঁছান মন্ত্রী। এর পাঁচ মিনিট পর বিমানবন্দরের সামনে পড়ে থাকা গ্রেনেডসদৃশ দুটি বস্তুর বিষয়ে দায়িত্বরত পুলিশকে অবহিত করেন স্থানীয় এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে ফেলে।

জানা গেছে, ঢাকা থেকে বগুড়া যাওয়ার উদ্দেশ্যে রাজশাহীতে পৌঁছেছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী। এ সময় তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন। পরে তাঁকে বিষয়টি জানানো হলে নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়। এরপর তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিমানবন্দর থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে উদ্ধার করা বস্তু দুটি প্রকৃতপক্ষে গ্রেনেড কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় বিমানবন্দর এলাকায় নিরাপত্তা নিয়ে সতর্কতা জোরদার করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।