ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ‘ইলিশা সমাজ কল্যাণ’ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ

মোঃ হাসনাইন আহম্মেদ।। ভোলায় অনিবন্ধিত অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে ‘ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন’।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে ভোলা সদর উপজেলার ইলিশা জংশনে অবস্থিত সংগঠনের স্থায়ী কার্যালয়ে এ খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি নজরুল ইসলাম সুমন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়ামিন হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং নৌ-পুলিশের (ওসি) আশিকুর রহমান, এসআই সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস বলেন, “সরকারি নিষেধাজ্ঞা ও নানা সময়ে অনিবন্ধিত জেলেরা বেশ কষ্টে দিনাতিপাত করেন। সরকারের পাশাপাশি সমাজের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যদি এভাবে এগিয়ে আসে, তবে অসহায় মানুষগুলোর দুঃখ-কষ্ট অনেকটাই লাঘব হবে। ইলিশা সমাজ কল্যাণ সংগঠনের এই সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ জানান, নদীতে মাছ ধরা বন্ধকালীন ও নানা সংকটে অনিবন্ধিত জেলেরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হন। সেই মানবিক দিক বিবেচনা করেই সংগঠনের পক্ষ থেকে এই সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।
ভবিষ্যতে এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
আলোচনা সভা শেষে উপস্থিত অনিবন্ধিত জেলেদের হাতে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেন অতিথিবৃন্দ।
