সর্বশেষঃ

প্রয়াত অর্থ সম্পাদক লায়লা আরজুমান বানুর স্মরণে আলোচনা সভা ও দোয়া

বাংলাদেশ মহিলা পরিষদ, ভোলা জেলা শাখার অর্থ সম্পাদক লায়লা আরজুমান বানু গত ৭ অক্টোবর শারীরিক অসুস্থতার কারণে ইন্তেকাল করেন।

তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ, ভোলা জেলা শাখার কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা শাখার সভাপতি হোসনে আরা বেগম চিনু। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপিকা জিনাত রেহানা, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক নিগরুন নাহার রিংকু, আন্দোলন সম্পাদক ইশরাত জাহান বনি এবং পরিবেশ বিষয়ক সম্পাদক মুসরিন আক্তার।

আলোচনায় বক্তারা প্রয়াত লায়লা আরজুমান বানুর স্মৃতিচারণ করেন এবং বাংলাদেশ মহিলা পরিষদ, ভোলা জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমে তাঁর অবদান, দায়িত্বশীলতা ও আন্তরিকতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর মৃত্যুতে মহিলা পরিষদ একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারিয়েছে। তাঁর কর্ম ও স্মৃতি সংগঠনের সহযাত্রীদের মাঝে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

সভাপতির বক্তব্যে হোসনে আরা বেগম চিনু প্রয়াতের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সভা শুরুতে প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মহান আল্লাহ যেন তাঁর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন-এই প্রার্থনা জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।