ভোলায় মাদরাসা শিক্ষকদের শিক্ষক-কর্মচারীদের জেলা সম্মেলন অনুষ্ঠিত : ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবী

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের জেলা সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা আবু জাফর মোঃ মাইনুদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রিন্সিপাল মো. দেলোয়ার হোসেন আজিজী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মো. লোকমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরাম গাজীপুর জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপ্যাল ড. মোঃ রুহুল আমিন আজাদী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন আজিজী বলেন, দেশ ও জাতির কল্যাণে সবাইকে কাজ করতে হবে। মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় বেরকারী শিক্ষক-কর্মচারীদেরকে জাতীয় করণের উপর জোড় দাবী জানানো হয়। শিক্ষকদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে-এমপিওভুক্ত মাদ্রাসা জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ, ইবতেদায়ি শিক্ষার্থীদের উপবৃত্তি ও মিড-ডে মিল চালু এবং সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা, উৎসব ও শিক্ষা ভাতা প্রদান। এ ছাড়া বদলির আবেদনকারী শিক্ষকদের দ্রুত বদলির আদেশ জারির দাবি জানানো হয়। সম্মেলনে ভোলা জেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক-কর্মচারী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
