ভোলায় র্যালি ও আলোচনা সভায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত

‘আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্যে ভোলায় পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬। র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের আয়োজনে এবং কম্প্রেহেনসিভ ক্যাটারেক্ট সার্ভিসেস প্রজেক্ট ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে উপস্থিত ছিলেন নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ, ডিজিএম মাজহারুল ইসলাম, হাসপাতালের পরিচালক ডা. ফয়সাল আবেদিন রাকিব, ডিজিএম রঞ্জন চক্রবর্তী, এজিএম আব্দুল কাদের সোহেল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ভোলা শাখার ম্যানেজার আরিফুর রহমান, অ্যাকাউন্টস ম্যানেজার বিল্লাল হোসেনসহ চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৃষ্টিশক্তি মানুষের স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। শিশুদের জন্মগত চক্ষু সমস্যা, বয়সজনিত বিভিন্ন রোগ, ছানি, গ্লুকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ও চোখের সংক্রমণসহ নানা কারণে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।
তারা বলেন, অনেক চক্ষু সমস্যা সময়মতো শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা সম্ভব। এজন্য নিয়মিত চোখ পরীক্ষা করা এবং চোখে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
