সর্বশেষঃ

মা ইলিশ সংরক্ষণে ৮ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা

মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রধান প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ২৯ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইলিশ সম্পদ সংরক্ষণে Protection and Conservation of Fish Act, 1950 এবং Protection and Conservation of Fish Rules, 1985-এর বিধান অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার সময়ে ভোলাসহ নির্ধারিত জেলাগুলোর নদ-নদী ও মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞার আওতাভুক্ত জেলার মধ্যে রয়েছে—চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ।

এ ছাড়া দেশের বিভিন্ন জেলার নির্ধারিত নদ-নদীতে ইলিশ আহরণ বন্ধ থাকবে। একই সময়ে সারাদেশে ইলিশ মাছ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে।

প্রজ্ঞাপনে নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার ২২ দিন ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মৎস্য বিভাগের পাশাপাশি নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালনার কথা রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।