বিশ্ব শিক্ষক দিবস: মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’
আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। সোমবার (৫ অক্টোবর) সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাফিজ উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এ দায়িত্ব বুঝে নেন। আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপে বাংলাদেশসহ ৩৭টি দেশ সদস্য। স্পিকার হাফিজ উদ্দিনের এ দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও সক্রিয়তা আরো জোরালো হবে বলে আশা করা হচ্ছে।
আইপিইউর ১৫৩তম সম্মেলনে যোগ দিতে গত রবিবার তানজানিয়া যান স্পিকার। স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু এবং সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ ই সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম। সম্মেলনের কার্যক্রম শেষে আগামী ১১ অক্টোবর স্পিকার ও তার সফরসঙ্গী প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, তানজানিয়ার আরুসায় ৫ থেকে ৯ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে আইপিইউর ১৫৩তম সম্মেলন।
পাঁচ দিনব্যাপী এ সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিবেশনে স্পিকার বক্তব্য দেবেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য—‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’। সম্মেলনের সমাপনী দিন ৯ অক্টোবর আইপিইউ গভর্নিং কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর ভোটে সংগঠনটির নতুন সভাপতি নির্বাচন হওয়ার কথা রয়েছে।
