সর্বশেষঃ

কোস্ট গার্ডের অভিযানে ৬ কোটি ৮০ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি পিস-লেহেঙ্গা জব্দ

পিরোজপুরে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় পোশাক জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি ৮০ লাখ ৪৩ হাজার টাকা।

রোববার (৪ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গত ৩ অক্টোবর রাত ১২টার দিকে বরগুনার পাথরঘাটা থানাধীন দক্ষিণ চরদুয়ানী সংলগ্ন বিষখালী নদীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে পিরোজপুরের পুরাতন ফেরিঘাট সংলগ্ন কঁচা নদীর তীর থেকে বোটটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে বোট থেকে ২২ হাজার ৪৮১ পিস ভারতীয় শাড়ি, ৫০ পিস ভারতীয় থ্রি পিস ও ৫০ পিস ভারতীয় লেহেঙ্গা জব্দ করা হয়।

অভিযানের সময় চোরাকারবারিরা নদীর তীরে বোট রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা ভারতীয় পোশাক ও ফিশিং বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।