বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় এক দিনের সফরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

মো: সোহেল রানা, স্টাফ রিপোর্টার
এক দিনের সফরে আজ বৃহস্পতিবার ভোলায় এসেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সকালে নৌপথে ভোলার ইলিশা লঞ্চঘাটে পৌঁছালে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাঁকে অভ্যর্থনা জানান। পরে তিনি সার্কিট হাউসে যান।
সকাল ১১টায় ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে প্রতিমন্ত্রীর।
এরপর দুপুর ১২টায় ভোলার ইলিশা এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন একটি বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, কর্মসূচি শেষে দুপুরে নৌপথে ভোলা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।
ইলিশা লঞ্চঘাটে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান ভোলা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ ও সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা।
