সর্বশেষঃ

রাষ্ট্র গঠন ও জাতীয় উন্নয়নে নারীদের সমান সুযোগ দিতে হবে: ভোলায় বিএনপি’র মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহাম্মেদ

সংগঠনকে সুসংগঠিত করা ও সাংগঠনিক কার্যক্রম তদারকির অংশ হিসেবে ভোলা সফরকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহাম্মেদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ভোলা সার্কিট হাউসে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তৃণমূলের নারী কর্মীদের অবদান তুলে ধরেন এবং রাষ্ট্র গঠনে নারীদের যথাযথ মর্যাদা ও উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার আহ্বান জানান।
সুলতানা আহাম্মেদ বলেন, ভোলায় জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীদের সঙ্গে দীর্ঘদিনের সাংগঠনিক সম্পর্ক। তারা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে দেখা করতে ও সাংগঠনিক বিষয়ে আলোচনা করতে চেয়েছেন। এখানে এসে তাদের সাংগঠনিক হালনাগাদ খোঁজখবর নিয়েছি।
তিনি স্থানীয় এমপি ও প্রশাসনের দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমাদের নারী নেত্রীরা বিগত ১৭ বছর ধরে জেল-জুলুম, মামলা ও নানা নির্যাতনের শিকার হয়েছেন। সংসার সামলে তারা রাজপথে ত্যাগ স্বীকার করেছেন। এই ত্যাগের সুফল ধরে রাখতে স্থানীয় সংসদ সদস্য ও দায়িত্বশীলদের প্রতি অনুরোধ—আপনারা তৃণমূলের নারীদের প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করুন।
নারী ক্ষমতায়ন ও সরকারি উদ্যোগের প্রসঙ্গ তিনি বলেন, একটি পরিবার যেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, মায়েরা যেন চিকিৎসাসহ মৌলিক প্রয়োজন মেটাতে কারোর কাছে হাত না পাতেন—সেই লক্ষ্যে নারীদের অগ্রাধিকার দিয়ে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে। এ ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়া রোধ ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে বিদ্যালয়গুলোতে দুপুরের খাবার, দুধ ও ডিম বিতরণের মতো নানা ইতিবাচক কাজ চলছে।
আসন্ন স্থানীয় নির্বাচন ও রাজনীতিতে নারীদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে আমাদের নারীরা সক্রিয়ভাবে কাজ করছেন। যার যার যোগ্যতা অনুযায়ী উপজেলা পরিষদ, ইউপি কাউন্সিলসহ বিভিন্ন জায়গায় তাদের অংশগ্রহণ ও নেতৃত্ব দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বক্তব্যের তিনি আরো বলেন, নারীরা সুযোগ পেলে রাষ্ট্র গঠন ও দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সমান তালে ভূমিকা রাখতে পারে। দেশ গড়ার এই যাত্রায় আমরা সব নারীকে একধাপ এগিয়ে নিয়ে যেতে চাই।
এ সময় স্থানীয় জাতীয়তাবাদী মহিলা দল ও বিএনপির অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।