সর্বশেষঃ

অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলায় শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন, স্মারকলিপি

মো: সোহেল রানা, স্টাফ রিপোর্টার

মনপুরা উপজেলা মডেল মসজিদে নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিনের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোলা জেলা স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক সমাজ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোলা জেলা শিক্ষক সমাজের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। এ সময় শিক্ষক নেতারা অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

লিখিত বক্তব্যে মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়; এর মাধ্যমে শিক্ষক সমাজের মর্যাদা, নিরাপত্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলাও ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। তাই মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি দেন শিক্ষক নেতারা।

শিক্ষক সমাজের দাবি, গত ২০ সেপ্টেম্বর এশার নামাজ আদায় করতে গেলে মনপুরা উপজেলা মডেল মসজিদের ভেতরে অধ্যক্ষ মো. মহিউদ্দিন হামলার শিকার হন। শিক্ষক নেতাদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিমের নেতৃত্বে তাঁর ওপর হামলা করা হয়।

এ ঘটনায় পরদিন অধ্যক্ষের পক্ষ থেকে মনপুরা থানায় আটজনকে আসামি করে মামলা করা হয়। তবে শিক্ষক নেতাদের অভিযোগ, মামলা দায়েরের পরও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতেই তাঁরা সংবাদ সম্মেলন ও স্মারকলিপি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে ভোলা জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষক নেতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।