ভোলার মেঘনা ভাঙনরোধে ৬০৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন, বিজেপির কৃতজ্ঞতা প্রকাশ

স্টাফ রিপোর্টার :
মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর ও দৌলতখান উপজেলার শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা রক্ষায় ৬০৫ কোটি ২৪ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ প্রকল্প অনুমোদন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য এবং তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ভোলা জেলা বিজেপি কার্যালয়ে এ উপলক্ষে ধন্যবাদ জ্ঞাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন। সভায় বক্তব্য দেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লাহসহ দলের নেতারা।
সভায় বক্তারা বলেন, মেঘনা নদীর ভাঙনে ভোলা সদর ও দৌলতখান উপজেলার বিভিন্ন এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারানোর ঝুঁকিতে রয়েছেন এসব এলাকার বাসিন্দারা। ভাঙনরোধে অনুমোদিত প্রকল্পটি বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।
পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিজেপির নেতারা প্রকল্পটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার নদীভাঙনপ্রবণ এলাকার মানুষের জানমাল ও বসতভিটা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় বিজেপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
