সর্বশেষঃ

বর্ষায় পানিবন্দি, শুষ্ক মৌসুমে পানির হাহাকার মাঝেরচরে মানুষের জীবন যেন দুই মৌসুমের দুই দুর্ভোগ

মোঃ সামিরুজ্জামান, সিনিয়ার স্টাফ রিপোর্টার

বর্ষায় চারদিকে অথৈ পানি। ঘরের উঠান পেরিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ে বসতঘরে। তখন বাইরে বের হওয়ার উপায় থাকে না, জীবন আটকে যায় পানির বৃত্তে। অথচ সেই একই জনপদে শুষ্ক মৌসুম এলেই দেখা দেয় একেবারে উল্টো চিত্র—এক ফোঁটা বিশুদ্ধ পানির জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। কোথাও পুকুর শুকিয়ে খাঁ খাঁ করছে, কোথাও বছরের পর বছর ধরে অচল পড়ে আছে নলকূপ। পানির জন্য হাঁটতে হয় দুই থেকে তিন কিলোমিটার।

ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মেঘনার বুকে জেগে ওঠা মাঝেরচরের প্রায় ১০ হাজার মানুষের জীবন এভাবেই দুই মৌসুমের দুই দুর্ভোগে আটকে আছে। বর্ষায় পানিবন্দি আর শুষ্ক মৌসুমে তীব্র পানিসংকট—দুই সংকটের মাঝেই চলছে তাদের জীবনযুদ্ধ। চারদিকে এখন শুধু পানির জন্য হাহাকার।

প্রায় ১ হাজার ২০০ একর আয়তনের এই চরে বসতি গড়ে ওঠে প্রান্তিক মানুষের। ১৯৯৯ সালের মাঝামাঝি সময়ে সরকার সেখানে ভূমিহীন ও প্রান্তিক চাষিদের পুনর্বাসনের উদ্যোগ নেয়। নির্মাণ করা হয় ৫০টি ব্যারাক। প্রতিটি ব্যারাকে অন্তত ১০টি পরিবারের বসবাসের ব্যবস্থা করা হয়। বাসিন্দাদের ঘরের জমি ও স্বত্বও লিখে দেওয়া হয়।

তখন এই মানুষের জীবনকে কিছুটা স্বস্তি দিতে পানীয় জল, গৃহস্থালির কাজ ও গোসলের জন্য নির্মাণ করা হয়েছিল পাঁচটি বড় পুকুর। পাশাপাশি স্থাপন করা হয়েছিল ৮০টি গভীর নলকূপ। সেই উদ্যোগ একসময় চরের মানুষের কাছে নতুন জীবনের আশ্বাস হয়ে এসেছিল। কিন্তু সময়ের সঙ্গে সেই অবকাঠামোর অধিকাংশই এখন অচল ও পরিত্যক্ত।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, শীতের মাঝামাঝি সময়েই অধিকাংশ পুকুরের পানি শুকিয়ে গেছে। ৮০টি গভীর নলকূপের মধ্যে বর্তমানে সচল রয়েছে মাত্র আটটি। এসব নলকূপও আশ্রয়ণ প্রকল্পের বসতি থেকে দুই থেকে তিন কিলোমিটার দূরে। ফলে খাবার পানি সংগ্রহ করতে প্রতিদিনই দীর্ঘ পথ পাড়ি দিতে হয় নারী, শিশু ও বয়স্কদের।

ইব্রাহিম মাঝি এই চরের পুরোনো বাসিন্দাদের একজন। তাঁর চোখে মাঝেরচরের বর্তমান চিত্র যেন পুরোনো আশার বিপরীত এক বাস্তবতা। তিনি বলেন, পুকুরগুলো শুকিয়ে যাওয়ার পর থেকেই পানির কষ্ট বেড়েছে। অধিকাংশ নলকূপও নষ্ট। দূরের সচল নলকূপ থেকে পানি এনে কোনোভাবে সংসার চালাতে হচ্ছে।

পানি সংকট শুধু দৈনন্দিন জীবনকেই দুর্বিষহ করে তুলছে না, এর প্রভাব পড়ছে শিশু-কিশোরদের স্বাস্থ্যেও। স্থানীয়দের অভিযোগ, বিশুদ্ধ পানির অভাবে চরের শিশু-কিশোরদের মধ্যে চর্মরোগ বেড়েছে। কিন্তু অসুস্থ হলে চিকিৎসা নেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই এই বিচ্ছিন্ন জনপদে। গুরুতর অসুস্থ রোগীকে মেঘনা পাড়ি দিয়ে মূল ভূখণ্ডে নিয়ে যেতে হয়।

মাঝেরচরের মানুষের দুর্ভোগ অবশ্য শুধু পানির সংকটেই সীমাবদ্ধ নয়। বর্ষা এলেই মেঘনার জোয়ারের পানি ঢুকে পড়ে পুরো এলাকায়। নেই কোনো বেড়িবাঁধ। ফলে পানির উচ্চতা বাড়লেই বসতঘর, রাস্তাঘাট ও চলাচলের পথ তলিয়ে যায়। তখন চরের মানুষ কার্যত পানিবন্দি হয়ে পড়েন।

আর ঝড়-জলোচ্ছ্বাসের সময় তাদের ভয় আরও বেড়ে যায়। পুরো চরে নেই কোনো ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। ফলে দুর্যোগের পূর্বাভাস এলেও নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ সীমিত। মেঘনার বুকের এই বিচ্ছিন্ন জনপদে ঝড়-বাদল মানেই আতঙ্ক—জীবন বাঁচানোর লড়াই।

চরের মানুষের জীবিকার প্রধান অবলম্বন নদী। কর্মক্ষম যুবকদের অধিকাংশই মেঘনায় মাছ ধরে সংসার চালান। কিন্তু নদীতে মাছের সংকট দেখা দেওয়ায় সেই জীবিকাও এখন অনিশ্চিত। মাছ কমে যাওয়ায় আয় কমেছে, অথচ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। ফলে অনেক পরিবারেই দেখা দিয়েছে তীব্র অভাব-অনটন।

সন্ধ্যা নামলে মাঝেরচরের আরেকটি বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠে। কেরোসিনের দাম বেড়ে যাওয়ায় অধিকাংশ ঘরেই এখন নিয়মিত বাতি জ্বলে না। সূর্য ডোবার পর অন্ধকারে ডুবে যায় গোটা চর। দূর থেকে তাকালে মনে হয়, মেঘনার বুকের মধ্যে যেন নিঃশব্দ এক দ্বীপ—যেখানে রাত নামার সঙ্গে সঙ্গে থেমে যায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও।

এই অন্ধকারের মধ্যেই রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০০। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানটিরও রয়েছে নানা সংকট। অবকাঠামোগত দুর্বলতার পাশাপাশি রয়েছে আসবাবপত্রের ঘাটতি। অধিকাংশ শিক্ষককে মূল ভূখণ্ড থেকে মেঘনা পাড়ি দিয়ে প্রতিদিন চরে এসে পাঠদান করতে হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন বাবুল বলেন, চরের মানুষের জীবনযাত্রা অত্যন্ত কষ্টকর। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির সংকট ভয়াবহ আকার ধারণ করে। শিশুদের স্বাস্থ্য ও শিক্ষাজীবনেও এর প্রভাব পড়ছে।

মসজিদের ইমাম জালাল আহমেদও একই কথা জানান। তাঁর ভাষ্য, শীতের মধ্যভাগ থেকেই পুকুরগুলো শুকিয়ে গেছে। নলকূপগুলোর বেশির ভাগই অচল। ফলে মানুষের সবচেয়ে মৌলিক প্রয়োজন—পানির জন্যই এখন প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে আশ্রয়ণ প্রকল্পের জরাজীর্ণ ঘরের সংকট। স্থানীয় চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব জানান, ১৯৯৯ সালে নির্মাণের পর এসব ঘর আর উল্লেখযোগ্যভাবে মেরামত করা হয়নি। দীর্ঘদিনের ব্যবহার ও প্রাকৃতিক দুর্যোগে অনেক ঘরই এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু দরিদ্র বাসিন্দাদের নিজেদের অর্থে ঘর মেরামত করার সামর্থ্য নেই। তাই ভাঙা চালের ওপর খড়-কুটা ও পলিথিন দিয়ে কোনো রকমে বৃষ্টির পানি ঠেকিয়ে দিন কাটাচ্ছেন অনেকে।

স্থানিয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে এসব ঘরের সংস্কার হয়নি। ফলে মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। একই সঙ্গে পানি ও যোগাযোগসহ মৌলিক অবকাঠামোর উন্নয়নও জরুরি।

স্থানীয়দের দীর্ঘদিনের এই দুর্ভোগের কথা স্বীকার করেছেন ভোলা সদর উপজেলা প্রশাসনও। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস জানান, মাঝেরচরের পুকুরগুলোর মাটি কেটে তলদেশ গভীর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে জরুরি ভিত্তিতে ৮০টি গভীর নলকূপ স্থাপনের জন্য সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে।

তিনি বলেন, মাঝেরচরের মানুষের পানির সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রয়োজনীয় প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা গেলে চরের মানুষের দীর্ঘদিনের পানির কষ্ট অনেকটাই কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মেঘনার বুকের মাঝেরচরে বসবাসরত মানুষগুলোর কাছে পানি এখন শুধু একটি প্রয়োজন নয়, প্রতিদিনের সংগ্রামের নাম। বর্ষায় যে পানি তাদের ঘরবাড়ি ভাসিয়ে দেয়, শুষ্ক মৌসুমে সেই পানিই আবার হয়ে ওঠে সবচেয়ে দুর্লভ সম্পদ। একদিকে নদীভাঙন, জোয়ার-জলোচ্ছ্বাস ও ঝড়ের ভয়; অন্যদিকে পানির সংকট, চিকিৎসাহীনতা, অন্ধকার আর অনিশ্চিত জীবিকা।

প্রায় তিন দশক আগে যে পুনর্বাসন প্রকল্প তাদের জীবনে নতুন আশার আলো দেখিয়েছিল, সময়ের সঙ্গে তার অবকাঠামো ক্ষয়ে গেছে। এখন প্রয়োজন সেই উদ্যোগকে নতুন করে জীবন্ত করা। পুকুরগুলো পুনঃখনন, নিরাপদ পানির ব্যবস্থা, ঘরবাড়ি সংস্কার, বেড়িবাঁধ ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ—এসবই হয়ে উঠেছে মাঝেরচরের মানুষের বেঁচে থাকার মৌলিক দাবি।

মেঘনার ঢেউ প্রতিদিনই আছড়ে পড়ে মাঝেরচরের তীরে। সেই ঢেউয়ের শব্দের সঙ্গে মিশে থাকে মানুষের দীর্ঘশ্বাস। বর্ষায় পানির ভয়ে আর শুষ্ক মৌসুমে পানির অভাবে দিন কাটানো এই মানুষগুলোর কাছে উন্নয়ন এখন কোনো বিলাসী প্রত্যাশা নয়; এটি নিরাপদে বেঁচে থাকার ন্যূনতম অধিকার।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।