মেধায় উত্তীর্ণ, ভেরিফিকেশনে বাদ; দুই হাজার প্রার্থীর নিয়োগ অনিশ্চিত

জিসান রনি, তজুমদ্দিন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে মেধাতালিকায় স্থান করে নিয়েও শেষ পর্যন্ত নিয়োগপত্র পাননি দুই হাজারের বেশি প্রার্থী। পুলিশ ভেরিফিকেশন ও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাঁদের বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ অনিশ্চয়তায় পড়েছেন এসব প্রার্থী ও তাঁদের পরিবার।
ভুক্তভোগীদের একজন ভোলার তজুমদ্দিন উপজেলার মৌসুমি। প্রায় আট মাস আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হওয়ার খবর পেয়ে আনন্দে আত্মহারা হয়েছিলেন তিনি। তজুমদ্দিন উপজেলায় মেধাতালিকায় তাঁর অবস্থান ছিল দ্বিতীয়। চাকরি পাওয়ার পর বিয়ের আয়োজন করার স্বপ্নও দেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিয়োগপত্রে নিজের নাম না থাকায় সেই আনন্দ এখন হতাশায় পরিণত হয়েছে।
মৌসুমি বলেন, “সেদিন রাতে গেজেট প্রকাশের পর আম্মু আমাকে ফোন করে জানতে চেয়েছিল, গেজেটে আমার নাম এসেছে কি না। আমি বলেছিলাম, নাম আসেনি। যখন দেখলাম গেজেটে আমার নাম নেই, তখন মনে হলো আমার আর বিয়েটা হবে না। হয়তো এই বিয়েটাও করতে পারব না। আমার বয়সও প্রায় শেষের দিকে।”
মৌসুমির মতো মিতু, চম্পা ও লোকমানসহ দুই হাজারের বেশি প্রার্থী একই পরিস্থিতির শিকার হয়েছেন বলে দাবি ভুক্তভোগীদের। তাঁদের প্রত্যেকেরই চাকরিকে ঘিরে ছিল দীর্ঘদিনের প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা।
ভুক্তভোগীদের কয়েকজন জানান, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর অনেকেই আগের চাকরি ছেড়ে দেন। কেউ পরিবারকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করেন, আবার কেউ বিয়ে ও সংসার শুরুর প্রস্তুতি নেন। কিন্তু শেষ মুহূর্তে নিয়োগপত্র না পাওয়ায় তাঁদের সেই পরিকল্পনা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
তাঁদের ভাষ্য, মেধাতালিকায় উত্তীর্ণ হয়ে প্রয়োজনীয় নিয়োগপ্রক্রিয়ার ধাপ পার করার পর শেষ মুহূর্তে ভেরিফিকেশনের কারণে বাদ দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।
একাধিক প্রার্থী বলেন, “শিক্ষক নিয়োগ আমাদের কোনো আবদার নয়। আমরা মেধার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবং প্রয়োজনীয় সব ধাপ পার করেই এখানে এসেছি। তাই শেষ মুহূর্তে ভেরিফিকেশনের কারণে বাদ দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত।”
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। তবে পরবর্তী সময়ে পুলিশ ভেরিফিকেশন ও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে দুই হাজারের বেশি প্রার্থীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
এ ঘটনায় নিয়োগপত্রের দাবিতে রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে আন্দোলনে নামেন বাদ পড়া প্রার্থীরা। দ্রুত যাচাই-বাছাই শেষ করে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার দাবি জানান তাঁরা।
ভেরিফিকেশনের মাধ্যমে প্রার্থী বাদ দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদদের কেউ কেউ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, “পুলিশ ভেরিফিকেশন শুরু হয়েছিল ব্রিটিশ আমলে। তখন এর অন্যতম উদ্দেশ্য ছিল ব্রিটিশবিরোধীদের সরকারি চাকরিতে প্রবেশ ঠেকানো। এখন যদি দুই হাজারের মতো মানুষকে এভাবে বাদ দেওয়া হয়, তাহলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে নিরুৎসাহিত
