সর্বশেষঃ

ভোলায় ডোবায় মিলল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ, অভিযুক্তের বাড়িতে আগুন, আটক ২

আনিসুর রহমান, দক্ষিণ আইচা :

ভোলার চরফ্যাশনে মো. আবুল বাশার নামে এক গরু ব্যবসায়ীর গলা ও পেটে আঘাতের চিহ্নসহ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে দক্ষিণ আইচা থানার নজরুলনগর ইউনিয়নের বাবুরহাট এলাকার একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সালমা বেগমের বসতঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় সালমা বেগম ও সাইদুর রহমান নামে দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত আবুল বাশার নজরুলনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঝের চর এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। অভিযুক্ত সালমা বেগম একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাবুরহাট এলাকার বাসিন্দা।

নিহেতর স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকালে সালমা বেগম ফোন করে আবুল বাশারকে তাঁর বাড়িতে ডেকে নেন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে দক্ষিণ আইচা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রোববার দুপুরে সালমা বেগমের বাড়ির সামনে একটি ডোবায় কচুরিপানার মধ্যে আবুল বাশারের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তাঁর গলা ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন সালমা বেগমের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে তাঁরা বসতঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর জানান, এ ঘটনায় সালমা বেগম ও সাইদুর রহমান নামে দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে।

ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।