তজুমদ্দিনে অব্যাহত গরু ও ঘরবাড়ি চুরি: গ্রাম পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ এলাকাবাসী
মনপুরায় কলেজ অধ্যক্ষের ওপর হামলার মামলায় মাদ্রাসা সুপার আসামি, নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আব্দুর রহমান সোয়েব, মনপুরা প্রতিনিধি
ভোলার মনপুরায় কলেজ অধ্যক্ষ মো. মহিউদ্দিনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় চরফৈজুদ্দিন ফকিরহাট মাদ্রাসার সুপার মওলানা মোহাম্মদ সিহাব উদ্দিনকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মাদ্রাসাটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে ফকিরহাট-হাজিরহাট সড়কের মাদ্রাসার সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেওয়া শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা মাদ্রাসা সুপারকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান।
স্থানীয় সূত্র ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর রাতে মনপুরা উপজেলা মডেল মসজিদে এশার নামাজের পর হাদিসের তালিম চলাকালে ভোলা নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিনের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় অধ্যক্ষ মহিউদ্দিন মনপুরা থানায় মামলা করেন। মামলায় মোট ৯ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে চরফৈজুদ্দিন ফকিরহাট মাদ্রাসার সুপার মওলানা মোহাম্মদ সিহাব উদ্দিনও রয়েছেন।
মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা দাবি করেন, ঘটনার সঙ্গে মওলানা সিহাব উদ্দিনের কোনো সম্পৃক্ততা নেই। ষড়যন্ত্র করে তাঁকে মামলায় আসামি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে তাঁর নাম মামলা থেকে বাদ দেওয়ার দাবি জানান।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরাও তাদের শিক্ষকের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদ জানান। তাঁদের দাবি, ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকলে তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা হোক এবং তাঁদের শিক্ষককে মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।
মওলানা মোহাম্মদ সিহাব উদ্দিন বলেন, ‘কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এরপরও আমাকে মামলায় আসামি করা হয়েছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মামলা থেকে আমার নাম প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ মো. মহিউদ্দিনের দায়ের করা মামলায় পুলিশের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলায় মাদ্রাসা সুপারকে আসামি করার বিষয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
