সর্বশেষঃ

বিশ্ব পর্যটন দিবসে ভোলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা

“টেকসই পর্যটন, সমৃদ্ধ বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সার্বিক দিকনির্দেশনা ও উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে দ্বীপ জেলা ভোলার পর্যটন সম্ভাবনাকে এগিয়ে নিতে সক্রিয়ভাবে অংশ নেয় ভোলা ট্যুরিজম এসোসিয়েশন। সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা এতে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ভোলার মনপুরা, কুকরি-মুকরি, চর তারুয়া সৈকতসহ সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়ন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব পর্যটন শিল্প গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক ডা. শামীম রহমান জেলার পর্যটন খাতের উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে ভোলা ট্যুরিজম এসোসিয়েশনের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন ও পর্যটনসংশ্লিষ্ট সংগঠনগুলোর যৌথ উদ্যোগে ভোলার পর্যটন খাত আরও বিকশিত হবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দ্বীপ জেলা ভোলার পর্যটন সম্ভাবনা তুলে ধরা সম্ভব হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।