সর্বশেষঃ

পশ্চিম ইলিশায় স্কুলের মাঠের জমি নিয়ে সালিশের পর সংঘর্ষ, আইনজীবীসহ আহত ৭

স্টাফ রিপোর্টার, ভোলা

ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নে একটি বিদ্যালয়ের খেলার মাঠ সম্প্রসারণের জমি নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকের পর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরপাতা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ‘আব্দুল হাকিম বাঘা আদর্শ স্কুলের’ প্রতিষ্ঠাতা খায়ের উদ্দিন সিকদার, তাঁর বড় ভাই অবসরপ্রাপ্ত সেনাসদস্য নাসির উদ্দিন সিকদার, ব্যবসায়ী নিজাম উদ্দিন দুলাল, কলেজ স্টাফ জসিম উদ্দিন সিকদার এবং সেলটেক সিরামিক কোম্পানির কর্মকর্তা নুরুদ্দিন সিকদার ও ওয়াসিম। তাঁদের ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৮ সালে দক্ষিণ চরপাতা গ্রামে ব্যক্তিগত উদ্যোগে ‘আব্দুল হাকিম বাঘা আদর্শ স্কুল’ প্রতিষ্ঠা করেন আইনজীবী খায়ের উদ্দিন সিকদার। বর্তমানে বিদ্যালয়টিতে শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বাড়াতে সম্প্রতি বিদ্যালয়ের মাঠ সম্প্রসারণের জন্য হালিমা খাতুনের কাছ থেকে চার শতাংশ জমি কেনা হয় বলে স্কুল কর্তৃপক্ষের দাবি।

তবে স্থানীয় মোশারফ গং ওই জমির মালিকানা দাবি করে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা করেন। এ নিয়ে বিরোধ দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলে। পরে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

বিরোধ মীমাংসায় শনিবার বিকেলে স্থানীয় মানিক বাঘার উদ্যোগে সালিশ বৈঠক বসে। তবে বৈঠকে কোনো সমাধান হয়নি। পরে উভয় পক্ষের লোকজন সেখান থেকে চলে যাওয়ার পর খায়ের উদ্দিন সিকদারের বাড়িতে হামলার অভিযোগ ওঠে।

খায়ের উদ্দিন সিকদারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন মানিক বাঘা। চাঁদা না দেওয়ায় মানিক বাঘা ও তাঁর ছেলের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালান। এতে তিনি ও তাঁর পাঁচ ভাই আহত হন বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বাড়িতে হামলার পর তাঁর প্রতিষ্ঠিত বিদ্যালয়ে ভাঙচুর চালানো হয়। বিদ্যালয়ের একটি গাড়ি ভাঙচুর করে এর ব্যাটারি নিয়ে যাওয়া হয় এবং স্কুলে থাকা নগদ অর্থও লুট করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মোশারফ। তাঁর দাবি, বিদ্যালয়ের মাঠের মধ্যে তাঁদের মালিকানাধীন জমি রয়েছে। সেই জমি নেওয়ার চেষ্টা করলে তাঁরা বাধা দেন এবং তাঁদের লোকজনের ওপর হামলা করা হয়।

সালিশের আয়োজক মানিক বাঘা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনা করেই দুই পক্ষকে নিয়ে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে উত্তেজনাকর পরিস্থিতির কারণে সংঘর্ষের ঘটনা ঘটে। হামলা বা ভাঙচুরের সঙ্গে তাঁর পরিবারের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের মাঠের জমি নিয়ে সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জমি নিয়ে বিরোধের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।