মনপুরায় কলেজ অধ্যক্ষের ওপর হামলার মামলায় মাদ্রাসা সুপার আসামি, নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ভোলায় গরু-মহিষ চুরি বন্ধ ও উদ্ধারের দাবিতে মানববন্ধন

ভোলার চরাঞ্চলে গরু-মহিষ চুরি বন্ধ, চুরি যাওয়া পশু উদ্ধার এবং খামারিদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী খামারিরা।
রোববার ভোলা প্রেস ক্লাবের সামনে ভোলা সদর উপজেলা মহিষ মালিক সমবায় সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্য, বিভিন্ন চরাঞ্চলের খামারি ও ভুক্তভোগীরা অংশ নেন। সমিতির সভাপতি কাশেম মাস্টার ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিনসহ নেতারা এতে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে খামারিরা অভিযোগ করেন, মেঘনা-তেঁতুলিয়া নদীর বুকে জেগে ওঠা চর মদনপুর, চর কালুপুর, চর গাজীপুর, চর বৈরাগী, চরকালী, চর কাঁকড়া, চর নেয়ামতপুর, মধুপুর, চর কাচিয়াসহ বিভিন্ন চরাঞ্চলে সাম্প্রতিক সময়ে গরু-মহিষ চুরির ঘটনা বেড়েছে। তাঁদের দাবি, গত ৫ আগস্টের পর এসব চরাঞ্চলের বিভিন্ন বাথান থেকে ৪ শতাধিক গরু-মহিষ চুরি হয়েছে।
খামারিদের ভাষ্য, চরাঞ্চলের প্রতিকূল পরিবেশে জমি লগ্নি করে গবাদিপশুর খাদ্যের সংস্থান করতে হয়। বংশপরম্পরায় গরু-মহিষ পালন করে আসা এসব মানুষের জীবিকার প্রধান অবলম্বন পশুপালন। একের পর এক পশু চুরি হয়ে যাওয়ায় অনেক খামারি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অতীতে বিচ্ছিন্নভাবে গরু-মহিষ চুরির ঘটনা ঘটলেও সাম্প্রতিক সময়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সংঘবদ্ধ একটি চোরচক্র বিভিন্ন বাথান থেকে পশু চুরি করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ তাঁদের। বিষয়টি নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর প্রতিকার মেলেনি বলেও দাবি করেন তাঁরা।
মানববন্ধন থেকে চুরি যাওয়া গরু-মহিষ উদ্ধারে বিশেষ অভিযান, চোরচক্র ও তাদের মদদদাতাদের আইনের আওতায় আনা, চরাঞ্চলের বাথানগুলোতে নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের টহল জোরদার এবং ক্ষতিগ্রস্ত খামারিদের আর্থিক সহায়তা ও সহজ শর্তে ঋণের দাবি জানানো হয়।
এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ ও ঝড়-ঝঞ্ঝার সময় গবাদিপশুর নিরাপত্তায় চরাঞ্চলে ‘কিল্লা’ নির্মাণ এবং রাখালদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থার দাবিও জানান খামারিরা।
ভোলা সদর উপজেলা মহিষ মালিক সমবায় সমিতির সভাপতি কাশেম মাস্টার ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে চরাঞ্চলে গবাদিপশু পালন বড় সংকটে পড়বে। চুরি বন্ধ ও চুরি যাওয়া পশু উদ্ধারে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
খামারিরা তাঁদের পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে চরাঞ্চলে গবাদিপশু পালনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
তবে ৪ শতাধিক গরু-মহিষ চুরির দাবির বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
