সর্বশেষঃ

চরফ্যাশনে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন

আরিফুল ইসলাম রিয়াজ: ভোলা

২০১৩ সালের জাতীয়করণের গেজেট থেকে বাদপড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে ভোলার চরফ্যাশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ এবং কেজি নীতিমালায় নিবন্ধনের আওতায় না আনার দাবিও জানানো হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি মো. ইব্রাহিম।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সালে দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের সময় বিভিন্ন কারণে প্রায় ৪ হাজারের বেশি বিদ্যালয় জাতীয়করণের আওতা থেকে বাদ পড়ে। এসব বিদ্যালয় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা দিয়ে আসলেও শিক্ষক ও শিক্ষার্থীরা সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলম বলেন, জাতীয়করণের দাবিতে শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছেন। তিনি বাদপড়া বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ এবং সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কামাল বলেন, এসব বিদ্যালয়ের অধিকাংশই প্রত্যন্ত এলাকায় অবস্থিত। দরিদ্র পরিবারের অনেক শিক্ষার্থী এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করে। তাদের উপবৃত্তিসহ সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনা হলে প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়বে।
এ সময় বক্তব্য রাখেন ভোলা জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক মো. ছালাহ উদ্দিন, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শহিদ উল্লাহ, আইনবিষয়ক সম্পাদক মোসাঃ সাকিয়া, মো. মিজানুর রহমান, মো. ইলিয়াছ, মো. শাহিন আলাল, মো. জসিম উদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধন থেকে ২০১৩ সালের জাতীয়করণের গেজেট থেকে বাদপড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ, শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ এবং প্রয়োজনীয় সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।