সর্বশেষঃ

ভোলায় বিএনপির তিন সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

ভোলা প্রতিনিধি

বর্তমান সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করা এবং পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির তিন সহযোগী সংগঠন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আসিফসহ সংগঠনগুলোর নেতাকর্মীরা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করা কিংবা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করবে।

তারা বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার পাশাপাশি দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নেতাকর্মীরা মাঠে থাকবে। দেশের স্বাভাবিক পরিবেশ ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

মিছিল ও সমাবেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।