সর্বশেষঃ

কাতারে সড়ক দুর্ঘটনায় তজুমদ্দিনের প্রবাসী নিহত : স্বজনদের আহাজারি

স্টাফ রিপোর্টার : 

কাতারে সড়ক দুর্ঘটনায় মো. বাবুল (৪৭) নামে ভোলার তজুমদ্দিনের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে কাতারের লুসাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁর মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। নিহত বাবুল তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিবপুর খাসেরহাট এলাকার বাসিন্দা। জীবিকার তাগিদে প্রায় ১৭ বছর আগে তিনি কাতারে পাড়ি জমান। সেখানে তিনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। দেশে তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাবুল নিজস্ব গাড়িতে করে ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন। লুসাইল এলাকায় যাওয়ার পর হঠাৎ তাঁর গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তিনি গাড়িটি সড়কের পাশে রেখে সেটি পরীক্ষা করছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি গাড়ি এসে তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে কাতার পুলিশ তাঁকে উদ্ধার করে স্থানীয় হামাদ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ হামাদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে বলে পরিবার জানিয়েছে। বাবুলের মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। দীর্ঘ ১৭ বছর প্রবাসে থেকে পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য কাজ করে আসা বাবুলের আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন অনেকটাই অসহায় হয়ে পড়েছে।
স্বজনরা জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা গভীর সংকটে পড়েছেন। বাবুলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন তারা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। দ্রুত মরদেহ দেশে এনে জানাজা ও দাফনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।