সর্বশেষঃ

ভোলায় মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্যের স্বামীসহ গ্রেপ্তার ২

ভোলায় মাদকবিরোধী পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে ভোলা সদর হাসপাতালে তাদের ডোপ টেস্ট করা হলে দুজনের শরীরেই অ্যামফিটামিনের উপস্থিতি শনাক্ত হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার দক্ষিণ চরপাতা গ্রামের মৃত হানিফের ছেলে এফজাল হোসেন সোহেল (৪১) ও কাচিয়া ইউনিয়নের শাহামাদার গ্রামের মো. মাইনুদ্দিনের ছেলে সাদ্দাম (২০)। তাঁদের মধ্যে সোহেল পশ্চিম ইলিশা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য হোসনে আরা বেগমের স্বামী।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেলে ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় মাদক সেবনের অভিযোগে এফজাল হোসেন সোহেল ও সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।

পরে তাঁদের ভোলা সদর হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করা হয়। পরীক্ষার প্রতিবেদনে দুজনের ক্ষেত্রেই ‘Amphetamine Detected’ উল্লেখ করা হয়েছে। চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

বৃহস্পতিবার গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এফজাল হোসেন সোহেলের মাদক সেবনের কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। স্থানীয় কয়েকজনের অভিযোগ, সোহেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে কোনো তথ্য দেওয়া হয়নি।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।