জাতিসংঘের সাধারণ পরিষদে এমপি নয়ন, উচ্ছ্বসিত চরফ্যাশন-মনপুরার বাসিন্দারা
ভোলা দারুল হাদিস কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষের নবীনবরণ

উৎসবমুখর পরিবেশে ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসায় আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদরাসার হলরুমে ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকরা। শতবর্ষের ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থীদের আগমনকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক। পবিত্র কোরআন তিলাওয়াত এবং হামদ-নাত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
স্বাগত বক্তব্য দেন আরবি প্রভাষক রোকসানা বেগম। বক্তব্য দেন প্রধান মুহাদ্দিস মাওলানা ফয়জুল্লাহ, প্রধান মুফতি মুফতী আহমদ উল্ল্যাহ, সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা মো. ইয়াকুব আলী, সহকারী অধ্যাপক (রসায়ন) মো. হুমায়ুন কবির এবং প্রভাষক (ইংরেজি) আচমা খানম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক (আরবি) মাওলানা মো. ছাবেদ হোসেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পাশাপাশি অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়। বক্তারা বলেন, শিক্ষাজীবনের উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়; জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠাই শিক্ষার মূল লক্ষ্য।
তাঁরা নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি নিজেদের মেধা ও যোগ্যতা বিকাশে সচেষ্ট হওয়ার পরামর্শ দেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক বলেন, নতুন শিক্ষার্থীদের জন্য দিনটি তাঁদের শিক্ষাজীবনের একটি স্মরণীয় অধ্যায়। মাদরাসার দীর্ঘ ঐতিহ্য ও সুনাম ধারণ করে জ্ঞানার্জনের পাশাপাশি আদর্শ চরিত্র গঠন এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে।
পরে নবীন শিক্ষার্থীদের সম্মানে সৌজন্য আপ্যায়নের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
