ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ

ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে। ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিলের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বন্ধ রয়েছে।
মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত এক চিঠিতে গত ২২ সেপ্টেম্বর ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের কথা জানানো হয়। এরপর থেকেই ভারত থেকে ইলিশের কোনো চালান বাংলাদেশে প্রবেশ করেনি বলে বন্দর-সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, মৎস্য অধিদপ্তরের চিঠিতে বেশ কয়েকটি অনাপত্তি সনদ বাতিলের কথা জানানো হয়েছে। এর ফলে ইলিশ আমদানি বন্ধ রয়েছে এবং আমদানিকারকেরা সমস্যায় পড়েছেন।
ইলিশ আমদানিকারক সৈয়েদ মহিদুল হক রুবাই বলেন, হঠাৎ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাঁর দাবি, আমদানির উদ্দেশ্যে ভারতের অংশে ইতোমধ্যে ইলিশ কিনে রাখা হয়েছিল। এখন সেগুলো কম দামে ফেরত দিতে হতে পারে। এর সঙ্গে আমদানি-সংক্রান্ত ব্যয়ের ক্ষতিও রয়েছে।
বেনাপোলের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা গেছে, ইলিশ আমদানি বন্ধ থাকলেও অন্যান্য মাছের আমদানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। চলতি অর্থবছরে ভারত থেকে ইলিশ আমদানির জন্য অনুমোদন দেওয়া হয়েছিল ১ হাজার ৭৩৯ দশমিক ৫০ টন। এর মধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫৩৫ টন ইলিশ আমদানি হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের পর অবশিষ্ট অনুমোদনের আওতায় ইলিশ আমদানি হবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছেন।
মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের সিদ্ধান্ত জানানো হলেও, এ সিদ্ধান্তের বিস্তারিত কারণ ওই চিঠির ভিত্তিতে প্রকাশ্যে স্পষ্ট করা হয়নি।
