সর্বশেষঃ

ভোলায় রুফটপ সোলার স্থাপন নিয়ে স্টেকহোল্ডারদের মতবিনিময়

আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং সৌরবিদ্যুতের প্রসারে ভোলায় রুফটপ সোলার স্থাপন নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার। সভায় পবিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), এজিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন স্টেকহোল্ডার অংশ নেন।

সভায় সোলার সার্ভিস প্রোভাইডার হিসেবে তালিকাভুক্তির পদ্ধতি, প্রযোজ্য নীতিমালা, প্রয়োজনীয় শর্ত ও অনুমোদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি রুফটপ সোলার সিস্টেম স্থাপনে কারিগরি বিষয়, সেবার মান নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্টদের দায়িত্ব নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

সভায় বক্তারা বলেন, রুফটপ সোলার ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো সম্ভব। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনায়ও ইতিবাচক ভূমিকা রাখা যাবে।

আগ্রহী গ্রাহকদের রুফটপ সোলার ব্যবহারে উৎসাহিত করতে সরকারি বিভিন্ন প্রণোদনা, আর্থিক সহায়তা ও সুযোগ-সুবিধার আওতায় তাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।