সর্বশেষঃ

ধনিয়ায় হামলার অভিযোগ, গ্রেপ্তার ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের দড়িরামশংকর এলাকার নাছির মাঝি রোডে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা সাহেব আলী, আবুল খায়ের, মাকসুদ, মাহাফুজ, হৃদয় হাসান ও রাশিদা বেগমসহ কয়েকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে তাদের দ্রুত গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য, জমি নিয়ে সাহেব আলী গংদের সঙ্গে শামছুদ্দিন হাওলাদারের পরিবারের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জেরে গত ১৪ সেপ্টেম্বর কয়েকজন ব্যক্তি তাদের জায়গায় প্রবেশ করে গাছ থেকে নারিকেল পাড়তে শুরু করেন। পরিবারের সদস্য আলম এতে বাধা দিলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তারা।

তাদের দাবি, আলমকে রক্ষা করতে তার ভাই সবুজ, স্ত্রী মুক্তা ও ছেলে সাজিদ এগিয়ে গেলে তাদেরও লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। এ ঘটনায় কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। সাজিদের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

হামলার সময় আহতদের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলেও অভিযোগ তাদের।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, হামলার ঘটনার পর অভিযুক্তরা নিজেদের অপরাধ আড়াল করতে পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটিয়ে উল্টো শামছুদ্দিন হাওলাদারের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছেন। তাদের দাবি, ওই মামলা হয়রানিমূলক এবং ঘটনাটির সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলার পরও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং মামলা তুলে নিতে তাদের হুমকি দেওয়া হচ্ছে। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে বলে দাবি করেন তারা।

মানববন্ধনে শামছুদ্দিন হাওলাদার, মো. মান্নান টুটুল, মো. বিল্লাল, আমির হোসেন হাওলাদার, মো. জাহিদ ও আলম হাওলাদারসহ স্থানীয় নারী-পুরুষ অংশ নেন।

কর্মসূচি থেকে হামলার অভিযোগ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা, ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে করা মামলার সুষ্ঠু তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।