সর্বশেষঃ

বোরহানউদ্দিনে বস্তাবন্দি শিশু ইসমাইল হত্যা, যুবক গ্রেপ্তার

মোঃ মঞ্জুর আলম, স্টাফ রিপোর্টার

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর খাল থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া সাত বছরের শিশু মো. ইসমাইল হত্যা মামলায় রোকন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার রোকন বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. নান্নুর ছেলে।

পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর বোরহানউদ্দিন পৌরসভার মুসলিমপাড়া এলাকা থেকে শিশু ইসমাইল নিখোঁজ হয়। এ ঘটনায় তার মা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মুসলিমপাড়া ৫ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির পশ্চিম পাশের খালে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় শিশুটির বাবা আকবর হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বোরহানউদ্দিন থানায় হত্যা মামলা করেন। মামলাটি দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় করা হয়েছে।

পুলিশের ভাষ্য, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)-এর তত্ত্বাবধানে বোরহানউদ্দিন থানা ও জেলা গোয়েন্দা শাখার একাধিক দল মামলাটির তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে রোকনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোকন ইসমাইল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহত শিশুটির পরিবারের সঙ্গে পূর্বশত্রুতা এবং পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে জিজ্ঞাসাবাদে রোকন জানিয়েছেন।

পুলিশ আরও জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ঘটনার মূল রহস্য উদঘাটনে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।