ভোলায় দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
ভোলায় দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোলা জেলা যুবদলের কার্যালয় মহাজনপট্টি থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের সদর রোড ও নতুন বাজার এলাকা প্রদক্ষিণ করে আবার জেলা যুবদল কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ফেরদৌসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
সমাবেশে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। পরে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
