সর্বশেষঃ

ভোলায় আগস্টের অপরাধ পর্যালোচনা সভা, অপরাধ দমনে পুলিশ সুপারের নির্দেশনা

ভোলা জেলা পুলিশের আগস্ট ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল এবং স্পর্শকাতর মামলার তদন্ত দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আগস্ট মাসের অপরাধচিত্র তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার।

সভায় পুলিশ সুপার অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রম জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করা, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত তামিলের বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এ ছাড়া স্পর্শকাতর মামলাগুলোর তদন্ত ও অগ্রগতি ত্বরান্বিত করা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন পুলিশ সুপার।

সভায় আগস্ট মাসে পেশাগত দায়িত্ব পালনে অবদান ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে জেলা পুলিশের বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে বিশেষ পুরস্কার ও সম্মাননা তুলে দেন পুলিশ সুপার।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আহসানুজ্জামানসহ জেলার সব থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, ডিআইও-১ (জেলা বিশেষ শাখা), কোর্ট পুলিশ পরিদর্শক এবং বিভিন্ন তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।