সর্বশেষঃ

ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি

ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ভোলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ড ও ড্রিলশেডে পৃথকভাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখা, পোশাকের নিয়ম যথাযথভাবে অনুসরণ, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সঙ্গে ভালো আচরণের ওপর গুরুত্ব দেন পুলিশ সুপার। একই সঙ্গে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি সদস্যদের নির্দেশনা দেন।

পুলিশ সুপার বলেন, ভোলা জেলা পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করছে। সামনের চ্যালেঞ্জিং সময়েও পুলিশ সদস্যরা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মেহেদী হাসান।

পরে সকাল ১০টায় ভোলা জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)। সভাটি উপস্থাপনা করেন সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান।

সভায় পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের বিভিন্ন ব্যক্তিগত ও পেশাগত সমস্যা এবং অসুবিধার কথা শোনেন পুলিশ সুপার। তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। অন্যান্য সমস্যাগুলোও ধাপে ধাপে সমাধানের আশ্বাস দেওয়া হয়।

সভায় দাপ্তরিক বিভিন্ন ক্ষেত্রে কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের বিশেষ পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র ও কার্যালয়ে প্রয়োজনীয় দাপ্তরিক সরঞ্জাম বিতরণ করা হয়।

মাস্টার প্যারেড ও কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আহসানুজ্জামান, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।