ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

মোঃ সামিরুজ্জামান, সিনিয়ার স্টাফ রিপোর্টার

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা ও পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গুলী মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

‘শিক্ষা সুরক্ষা: গ্রামীণ বাংলাদেশে কমিউনিটিনির্ভর শিক্ষা উন্নয়ন’ কর্মসূচির আওতায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় সভাটির আয়োজন করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)।

সভায় শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ও স্যানিটেশন, সুষম খাদ্য এবং পুষ্টির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দৈনন্দিন জীবনে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিবুল হাসান ও জিজেইউএসের পরিচালক হুমায়ুন কবীর। সভাপতিত্ব করেন গুলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুজ্জামান আনসারী।

সভাটি সঞ্চালনা করেন জিজেইউএসের উপপরিচালক অ্যাডভোকেট গোপাল চন্দ্র শীল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জিজেইউএসের কর্মকর্তা মো. কামরুজ্জামান ও ইসমাইল জবিউল্লাহ।

আলোচনায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সঠিক ধারণা থাকা জরুরি। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত অভ্যাসের চর্চা বাড়ানো গেলে শিশু-কিশোরদের সুস্থ জীবনযাপন নিশ্চিত করা সহজ হবে।

সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্বাস্থ্যকর্মী ও উন্নয়নকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।