সর্বশেষঃ

মসজিদে ঢুকে কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাসহ দুই ভাইয়ের বিরুদ্ধে

আবদুর রহমান সোয়েব, মনপুরা (ভোলা) প্রতিনিধি

ভোলার মনপুরায় মসজিদের ভেতরে ঢুকে এক কলেজ অধ্যক্ষকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ও তাঁর ভাই মো. রুবেলের বিরুদ্ধে। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলা মডেল মসজিদে এ ঘটনা ঘটে।

হামলার শিকার অধ্যক্ষ মো. মহিউদ্দিন মনোয়ারা বেগম মহিলা কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ এবং বর্তমানে ভোলা নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় মনপুরা থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

অধ্যক্ষ মহিউদ্দিনের অভিযোগ, এশার নামাজ শেষে তিনি মসজিদে বসে হাদিসের তালিম শুনছিলেন। এ সময় সেলিম ও রুবেল দেশীয় লাঠি নিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করেন। পরে তাঁকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে মসজিদে থাকা মুসল্লিরা এগিয়ে এসে তাঁকে রক্ষা করেন।

মসজিদে উপস্থিত কয়েকজন মুসল্লিও ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এশার নামাজ শেষে হাদিসের তালিম চলার সময় হঠাৎ সেলিম ও রুবেল মসজিদের ভেতরে ঢুকে অধ্যক্ষ মহিউদ্দিনকে মারধর শুরু করেন। তাঁরা বাধা দিতে গেলে তাঁদের ওপরও হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তাঁরা।

অধ্যক্ষ মহিউদ্দিনের দাবি, পূর্ববিরোধের জের ধরে তাঁর ওপর এ হামলা চালানো হয়েছে। তিনি বলেন, মো. সেলিম আগে মনোয়ারা বেগম মহিলা কলেজে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। পরে চাকরি থেকে পদত্যাগ করে নিজেকে এমএলএসএস পদে অধিকারী দাবি করেন। এ বিষয়কে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে চারটি মামলা করা হলেও সেসব মামলায় সেলিম পরাজিত হন। পরে বরিশাল শিক্ষা বোর্ডে অভিযোগের পর তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এসব ঘটনার জেরেই হামলা হয়েছে বলে দাবি করেন অধ্যক্ষ।

অভিযুক্ত সেলিম ও রুবেল মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের চর যতিন গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। হামলার অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব বলেন, আহত অধ্যক্ষ অভিযোগ দায়ের করলে দোষীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মসজিদের ভেতরে কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।