জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সার নিয়ে অনিয়মে বাড়ছে কৃষকের উৎপাদন খরচ

কৃষিতে উৎপাদন খরচ বাড়ছে। একদিকে সরকার নির্ধারিত দামে সার না পাওয়ার অভিযোগ, অন্যদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব—সব মিলিয়ে নতুন করে চাপে পড়েছেন দেশের কৃষকেরা। এমন পরিস্থিতিতে বাড়তি উৎপাদন ব্যয় সামাল দিয়ে ফসলের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন।
সংগঠনটির দাবি, কৃষকদের জন্য সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করার কথা সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে জানানো হলেও মাঠপর্যায়ে এর ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। কোথাও কোথাও সরকার নির্ধারিত দামে সার চাইলে ‘সার নেই’ বলা হচ্ছে। তবে অতিরিক্ত টাকা দিতে রাজি হলে সার পাওয়া যাচ্ছে বলে কৃষকেরা অভিযোগ করেছেন।
বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃষিমন্ত্রীসহ কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, জেলা প্রশাসক ও জেলা কৃষি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে। তাদের ভাষ্য, সংশ্লিষ্ট কর্মকর্তারা দেশে সারের সংকট নেই এবং কৃষকেরা সরকার নির্ধারিত মূল্যে সার পাবেন বলে জানিয়েছেন।
তবে সংগঠনটির অভিযোগ, বাস্তবে অতিরিক্ত দামে সার কেনার কারণে কৃষকের উৎপাদন খরচ বাড়ছে। এর সঙ্গে সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ায় জমি চাষ, সেচ, কৃষিপণ্য পরিবহনসহ কৃষির বিভিন্ন পর্যায়ে ব্যয় আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
কৃষক ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহাবুদ্দীন ফরাজী বলেন, ‘কৃষকের উৎপাদন খরচ একের পর এক বাড়ছে। কিন্তু উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত না হলে কৃষক কীভাবে টিকে থাকবেন? আমরা সরকারের কাছে জানতে চাই—উৎপাদন খরচ বাড়ছে, এবার কৃষক তাঁর উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন তো?’
তিনি বলেন, শুধু উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিলেই হবে না। কৃষি উপকরণের দাম ও প্রাপ্যতা, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য—এই তিনটি বিষয় সমন্বিতভাবে নিশ্চিত করা প্রয়োজন।
সংগঠনটি বলছে, কৃষকের উৎপাদন ব্যয় বাড়লেও ফসল বিক্রির সময় সেই ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাম পাওয়া যায় না। এতে উৎপাদনের ঝুঁকি বাড়ার পাশাপাশি কৃষকের আয় ও লাভের ওপরও চাপ তৈরি হচ্ছে।
কৃষক ঐক্য ফাউন্ডেশনের দাবিগুলোর মধ্যে রয়েছে—সরকার নির্ধারিত মূল্যে কৃষকের সারপ্রাপ্তি নিশ্চিত করা, অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় কৃষকের জন্য কার্যকর সহায়তা দেওয়া এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর বাজারব্যবস্থা গড়ে তোলা।
এ ছাড়া কৃষকের উৎপাদন খরচ ও বাজারদর বিবেচনায় নিয়ে ফসলের ন্যায্য মূল্য নির্ধারণেরও দাবি জানিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহাবুদ্দীন ফরাজী বলেন, কৃষির প্রতিটি ধাপে কৃষকের ওপর বাড়তি খরচের বোঝা চাপিয়ে দিয়ে কৃষিকে টেকসই রাখা সম্ভব নয়। কৃষকের উৎপাদন ব্যয় কমানো, কৃষি উপকরণ সহজলভ্য করা এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এখনই সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
