সর্বশেষঃ

ভোলায় অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

মো: সোহেল রানা, স্টাফ রিপোর্টার

ভোলার নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান বক্তারা।

গত রবিবার (২০ সেপ্টেম্বর) ভোলার মনপুরা উপজেলা মসজিদে এশার নামাজ আদায় করতে যান নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন। সেখানে পূর্ব শত্রুতার জের ধরে তাঁর ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়।
​এই ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজ সোমবার (২১ সেপ্টেম্বর) রাস্তায় নেমে আসেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। ‘নাজিউর রহমান কলেজের শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে সড়ক অবরোধ সৃষ্টি হলে যান চলাচল ব্যাহত হয়।
​বিক্ষোভ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় কবি মোজাম্মেল হক মহিলা কলেজ, পরাণগঞ্জ হালিমা খাতুন মাধ্যমিক মহিলা কলেজ, পরাণগঞ্জ হাইস্কুল এবং পরাণগঞ্জ দাখিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

কর্মসূচিতে কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. ইউছুফ, পরাণগঞ্জ কবি মোজাম্মেল হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেমসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ছাত্রনেতারা বক্তব্য রাখেন।

বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।