৬ দফা দাবি বাল্কহেড মালিকদের, না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘট
৬ দফা দাবি বাল্কহেড মালিকদের, না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘট

নতুন বৈধ বালুমহাল চিহ্নিত করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা দেওয়া, নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাস ও ডাকাতি বন্ধ এবং বাল্কহেড মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বন্ধসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতি। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে দেশের সব নদীপথে বাল্কহেড ও ড্রেজার চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি ও কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর, শরীয়তপুর, ভোলা ও বরিশালের নদীগুলোতে নতুন বৈধ বালুমহাল চিহ্নিত করতে হবে। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসব বালুমহাল ইজারা দেওয়ার দাবি জানান তারা।
সমিতির ছয় দফা দাবির মধ্যে রয়েছে বৈধ বালুমহাল, বাল্কহেড, ড্রেজার এবং এতে কর্মরত শ্রমিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি নৌ প্রশাসন, স্থানীয় প্রশাসন, ইজারাদার, বাল্কহেড মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর তদারকি কমিটি গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি।
নৌপথে চাঁদাবাজি, ডাকাতি ও অসাধু জেলেদের তাণ্ডল বন্ধে নৌ পুলিশ ও কোস্ট গার্ডের টহল জোরদারের দাবিও জানানো হয়। নিরাপদ নৌপথে প্রচলিত বিধি অনুযায়ী রাতে বাল্কহেড চলাচলের সুযোগ দেওয়ার পাশাপাশি মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বন্ধের দাবি জানিয়েছে সমিতি।
এ ছাড়া বিআইডব্লিউটিএ বা অন্য কোনো প্রতিষ্ঠানের নামে অবৈধ অর্থ আদায় ও মনগড়া টোল নেওয়া বন্ধের দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে দেশের সব নদীপথে বাল্কহেড ও ড্রেজার চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কর্মসূচি নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির সভাপতি মারফত মিঝি, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. জামান খান উপস্থিত ছিলেন।
