দৌলতখানে মমতাজ হত্যা: ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

ভোলার দৌলতখানে মমতাজ বেগম হত্যা মামলার তদন্ত কার্যক্রম তদারক করতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) তিনি ঘটনাস্থল পরিদর্শন করে মামলার তদন্তের অগ্রগতি ও ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে তিনি নিহত মমতাজ বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান। পুলিশ সুপার তাঁদের আশ্বস্ত করে বলেন, মামলাটির সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার তদন্ত কার্যক্রম সর্বোচ্চ পেশাদারিত্ব ও গুরুত্বের সঙ্গে দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। একই সঙ্গে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামান পিপিএমসহ ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
