ভোলায় দিনব্যাপী শিশু সাংবাদিকতার ফলো-আপ কর্মশালা৷

’শিশুর চোখে শিশুর গল্প’ স্লোগানে ভোলায় শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলো-আপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৯ সেপ্টেম্বর) ভোলা পৌরসভার হলরুমে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের অংশীদারিত্বে ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা ওয়েবসাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ডা. শামীম রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা তত্ত্বাবধায়ক আহাদ চৌধুরী তুহিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, প্রশিক্ষণ থেকে তোমরা যে দক্ষতা অর্জন করছ তা অত্যন্ত মূল্যবান। আমি আশা করি এই কর্মশালা থেকে তোমরা ভালো কিছু শিখবে এবং তা প্রয়োগ করবে। তবে মনে রাখতে হবে সাংবাদিকতার পাশাপাশি মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে। পড়াশোনা ও দক্ষতার সঠিক সমন্বয়ই তোমাদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে। ভোলায় সবসময় ইতিবাচক সাংবাদিকতা চর্চা হয়। তোমরাও যেন সত্যনিষ্ঠ থেকে সমাজের গঠনমূলক দিকগুলো সবার সামনে নিয়ে আসো। শিশুরা কীভাবে সংবাদ তৈরি করে এবং তাদের চিন্তাভাবনা কেমন তা দেখার বিশেষ আগ্রহ থেকেই আমি আজ এখানে এসেছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিন্দ্য মন্ডল, সহকারী কমিশনার এ.টি.এম রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার সজল কুমার দাস প্রমুখ।
এরআগে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তিন দিনের কর্মশালায় অংশ নেওয়া ২০ জন শিশুর মধ্য থেকে ১০ জনকে একদিনের এই ফলো-আপ কর্মশালার জন্য বাছাই করা হয়।
